রবিবার

২৬ এপ্রিল, ২০২৬ ১৩ বৈশাখ, ১৪৩৩

সাংগঠনিক সভা ছাড়াই বহিষ্কার, বগুড়ায় বিএনপিতে উত্তেজনা

বিশেষ প্রতিনিধি বগুড়া

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ১২:৪৮

শেয়ার

সাংগঠনিক সভা ছাড়াই বহিষ্কার, বগুড়ায় বিএনপিতে উত্তেজনা
ছবি সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির এক নেতাকে সাংগঠনিক সভা, লিখিত রেজুলেশন ও দলের সাধারণ সম্পাদককে অবহিত না করেই বহিষ্কারের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে শাজাহানপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে জাহিদুর রহমানকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য এবং আমরুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

তবে এই বহিস্কার আদেশের বিরুদ্ধে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এক বিবৃতিতে বলেন, এ ধরনের কোনো বহিষ্কার সিদ্ধান্ত দলীয় ফোরামে আলোচনা হয়নি। এ বিষয়ে কোনো সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়নি এবং কোনো লিখিত রেজুলেশনও গৃহীত হয়নি। এমনকি দলের আমি সাধারণ সম্পাদককে বিষয়টি আমাকেও জানানো হয়নি।

ফলে দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক নিয়মনীতি উপেক্ষা করে ব্যক্তিগত সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে, যা দলের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি করেছে।

বহিষ্কৃত নেতা জাহিদুর রহমান বলেন, “আমি দলের সিদ্ধান্তকে সবসময় সম্মান করি। কিন্তু কোনো কারণ দর্শানোর নোটিশ, সাংগঠনিক আলোচনা কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এভাবে বহিষ্কারের ঘোষণা দেওয়া সম্পূর্ণ অগঠনতান্ত্রিক।”

এ বিষয়ে শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জেলা বিএনপির সভাপতির নির্দেশে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে জাহিদুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎও জানেন। তবে তিনি কেন বিবৃতি দিলেন এটি আমার জানা নেই।

এ বিষয়ে বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির কথা উল্লেখ নেই। এধরনের বহিস্কার দলের নিয়মনীতি ভঙ্গ করা।

এ ঘটনায় শাজাহানপুর উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই বিষয়টি দ্রুত তদন্ত করে সাংগঠনিকভাবে সমাধানের দাবি জানিয়েছেন।



banner close
banner close