বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ১১ দলের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ১৯:১২

শেয়ার

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ১১ দলের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল
ছবি বাংলা এডিশন

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট। শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত সমাবেশ শেষে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।

কুমিল্লা মহানগর ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান।

সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরের সভাপতি মাওলানা আব্দুল কাদের জামাল, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন এবং এনসিপি নেতা মাছুমুল বারী কাউছার।

সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তিনি দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি টাউন হল এলাকা থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।