বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে পণ্যমূল্যে বড় ধরনের প্রভাব পড়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, জ্বালানি মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে মূল্যস্ফীতি বাড়ার গুজব থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় বর্ণালি টেক্সটাইল অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি ও চিত্তরঞ্জন টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জ্বালানি পরিস্থিতির কারণে দেশে শিল্পকারখানার উৎপাদন বা রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়নি। বৈশ্বিক প্রেক্ষাপটে কিছুটা মন্দাভাব থাকলেও সরকার শিল্পখাত সচল রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এলএনজি সংরক্ষণাগার (স্টোরেজ ফ্যাসিলিটি) গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, গ্যাসের সক্ষমতা বাড়াতে স্থলপথে সংযোগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় তিনি আরও জানান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অব্যবহৃত জমি উদ্ধার করে শিল্প করিডর গড়ে তোলা এবং বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
পরিদর্শনকালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম উপস্থিত ছিলেন। পরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় শহীদ জিয়া হল প্রাঙ্গণে বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির এবং বর্ণালি টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








