শুক্রবার

২৪ এপ্রিল, ২০২৬ ১১ বৈশাখ, ১৪৩৩

স্থিতিশীলতা বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ১৭:১১

শেয়ার

স্থিতিশীলতা বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান: অর্থমন্ত্রী
ছবি সংগৃহীত

দেশের স্থিতিশীলতা রক্ষায় আপসহীন অবস্থানের কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে স্থিতিশীলতা বজায় রাখা জরুরি এবং তা বিনষ্টের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, একটি সংবেদনশীল, সহনশীল ও স্থিতিশীল রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়েই সরকার নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছে। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

ব্যাংক খাত নিয়ে বক্তব্যে তিনি বলেন, বিএনপি সরকারের আমলে আর্থিক খাতে শৃঙ্খলা বজায় ছিল এবং শেয়ারবাজারসহ সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা লক্ষ্য করা গেছে। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করছে, তবে কাঙ্ক্ষিত ফল পেতে কিছু সময় প্রয়োজন।

বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে অর্থমন্ত্রী স্বীকার করেন, দেশে লোডশেডিং সংকট পুরোপুরি কাটেনি। তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারের প্রভাব মোকাবিলায় সরকার বিলম্বে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে এবং অন্যান্য দেশের তুলনায় তুলনামূলক কম হারে মূল্য বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের সামর্থ্যের সীমাবদ্ধতা থাকলেও জনদুর্ভোগ কমাতে কৃচ্ছসাধন নীতি অনুসরণ করা হচ্ছে। ঘরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা, শিল্পকারখানা সচল রাখা এবং মানুষের দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন না ঘটাতে সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।



banner close
banner close