কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতি মাসে কক্সবাজারে গিয়ে ইয়াবা সংগ্রহ করতেন—এমন বিস্ফোরক অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাব-এর তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে খেলাফত মজলিস আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ দাবি করেন।
অলি আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় মাদকের বিস্তার কিছুটা কমেছিল। কিন্তু বর্তমানে জনপ্রতিনিধিদের একটি অংশ সরাসরি ইয়াবা বাণিজ্যের সঙ্গে জড়িত। দ্রুত অর্থ উপার্জনের জন্য এই পথকে সহজ বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, অতীতে ওবায়দুল কাদের নিয়মিত কক্সবাজার সফরে যেতেন এবং সেখান থেকে বস্তাভর্তি ইয়াবা আনতেন। তার ভাষ্য অনুযায়ী, “অনেকে তখন ভাবতেন তিনি খুব পরিশ্রমী মন্ত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি বারবার কক্সবাজারেই কেন যেতেন? অন্য জেলায় কেন যেতেন না?”
বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে অলি আহমদ বলেন, দেশে আবারও মাদক পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। সরকারের কর্মকাণ্ডে জনগণ ক্ষুব্ধ এবং এই পরিস্থিতি অব্যাহত থাকলে আন্দোলন তীব্রতর হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। এতে মূল বক্তব্য দেন দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. আতিক মুজাহিদসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা।
আরও পড়ুন:








