সোমবার

২০ এপ্রিল, ২০২৬ ৭ বৈশাখ, ১৪৩৩

দুর্নীতি মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ২১:৫৯

শেয়ার

দুর্নীতি মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
ছবি সংগৃহীত

দুর্নীতির অভিযোগে করা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের এক মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-কে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সহকারী পরিচালক আল-আমিন জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে পলকের বিরুদ্ধে।

দুদকের অনুসন্ধানে পলকের নামে ও বেনামে মোট ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৪২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে, যা তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করা হয়েছে।

একই আবেদনে মানিলন্ডারিংয়ের অভিযোগ তুলে বলা হয়, পলক তার নিজ ও যৌথ নামে বিভিন্ন ব্যাংকের ২৫টি হিসাবে মোট ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা করেছেন। এর মধ্যে ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা ইতিমধ্যে উত্তোলন করা হয়েছে। দুদকের মতে, এসব অর্থ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত এবং তা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করা হয়। এতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাও যুক্ত রয়েছে।

বর্তমানে আসামি জেলহাজতে থাকায় তদন্তের স্বার্থে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।



banner close
banner close