জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩৬ জন প্রার্থীর তালিকায় স্থান পেয়েছেন নিপুণ রায় চৌধুরী। তার মনোনয়নের মধ্য দিয়ে একই পরিবার থেকে তিনজন সংসদ সদস্য হওয়ার একটি ব্যতিক্রমী নজির তৈরি হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নিপুণ রায় চৌধুরী ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং দলের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পেশায় একজন আইনজীবী এবং দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত।
পারিবারিক সূত্রে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। ফলে বাবা, শ্বশুর ও তিনি—এই তিনজনই সংসদ সদস্য হিসেবে যুক্ত হওয়ায় একই পরিবারের তিন সদস্যের সংসদে উপস্থিতির বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
১৯৮০ সালের ফেব্রুয়ারিতে খুলনা বিভাগের মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন নিপুণ রায়। ইডেন মহিলা কলেজের সাবেক এই শিক্ষার্থী ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাড়াও দলের নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এবং দক্ষিণ কেরানীগঞ্জ শাখা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
দলের এই মনোনয়নকে ঘিরে বিএনপির অভ্যন্তরে ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে, বিশেষ করে একই পরিবারের একাধিক সদস্যের সংসদে অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে নানা মতামত উঠে আসছে।
আরও পড়ুন:








