মেহেরপুরের গাংনী উপজেলায় ভোরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা মুকুল হোসেন (৫২) গুরুতর আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সাহারবাটি গ্রামের নেক মহাম্মদের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সশস্ত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার বুকে ও পিঠে মোট পাঁচটি গুলি লাগে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।
স্থানীয়রা আরও জানান, এর আগে অন্তত দুইবার তার ওপর বোমা হামলার ঘটনা ঘটেছিল।
ঘটনার পরপরই গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সেখান থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
ওসি উত্তম কুমার দাস জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন:








