রবিবার

১৯ এপ্রিল, ২০২৬ ৬ বৈশাখ, ১৪৩৩

জয় ও পলকের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ১০:০০

শেয়ার

জয় ও পলকের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর জবানবন্দি
ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বৈরচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জবানবন্দি আজ।

রোববার (১৯ এপ্রিল)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

এদিন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক কর্মকর্তা। নিরাপত্তার স্বার্থে তাঁর নাম প্রকাশ করেনি প্রসিকিউশন। তবে প্রথমে চার নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক কর্মকর্তার জেরা সম্পন্ন করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

এ মামলায় দুই আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন পলক। পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের হয়ে আইনি লড়াই করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম।

প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগ হলো, জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে ফেসবুকে উসকানি দেন পলক। এর পরিপ্রেক্ষিতে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা। এছাড়া ইন্টারনেট বন্ধ করে মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনা দেন তারা। একই সঙ্গে হত্যায় সহায়তা করেন। ফলে পুলিশ ও দলীয় সন্ত্রাসী বাহিনীর হামলায় শহীদ হন রাসেল, মোসলেহ উদ্দিনসহ ২৮ জন। তিন নম্বর অভিযোগে বলা হয়েছে, উত্তরায় ৩৪ জনকে হত্যায় সহায়তা করেন তারা।



banner close
banner close