সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি মসজিদের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির দুই নেতার বিরুদ্ধে।
শুক্রবার ভোরে উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন—তালম ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক এবং তালম ইউনিয়ন তাঁতিদলের সভাপতি মো. এনামুল হক।
এ ঘটনায় গাবরগাড়ী জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ মো. আলতাফ হোসেন শুক্রবার রাতে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মাছ ধরে নিয়ে যাওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, মসজিদ কমিটি দীর্ঘদিন ধরে পুকুরে মাছ চাষ করে আসছে এবং সেই আয়ে ইমাম, মুয়াজ্জিম ও খাদেমের বেতনসহ অন্যান্য ব্যয় নির্বাহ করা হয়। পুকুরের মালিকানা নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা গত কয়েক মাস ধরে হুমকি দিয়ে আসছিলেন।
বৃহস্পতিবার গভীর রাতে পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। শুক্রবার ভোরে অভিযুক্তদের নেতৃত্বে ১৫ থেকে ১৮ জনের একটি দল পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায়। এ সময় মসজিদ কমিটির সদস্যরা বাধা দিলে তাদের লাঠিসোটা ও রড দিয়ে হামলার হুমকি দেওয়া হয়।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা মাছ নিয়ে চলে যায় বলে অভিযোগে বলা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, পুকুরের পানিতে গ্যাস সৃষ্টি হওয়ায় মাছ ভেসে উঠেছিল এবং গ্রামের লোকজন সেগুলো ধরেছে। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:








