শনিবার

১৮ এপ্রিল, ২০২৬ ৫ বৈশাখ, ১৪৩৩

সিরাজগঞ্জ শাহজাদপুর থানায় ছাত্রদল নেতাদের হামলা ও ফোন ভাঙচুর

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ১৮:৪২

শেয়ার

সিরাজগঞ্জ শাহজাদপুর থানায় ছাত্রদল নেতাদের হামলা ও ফোন ভাঙচুর
ফাইল ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় মোটরসাইকেল কেনাবেচা সংক্রান্ত বিরোধ নিয়ে মধ্যস্থতা করতে গিয়ে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা ও ধ্বস্তাধ্বস্তির অভিযোগ উঠেছে। ঘটনায় এক পুলিশ সদস্যের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। শনিবার দুপুরে থানার সামনে ও ভেতরে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, এক ভুক্তভোগী মোটরসাইকেল সংক্রান্ত অভিযোগ দায়ের করলে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ মধ্যস্থতা করতে থানায় যান। কর্তব্যরত উপপরিদর্শক তাকে জড়িত না থাকলে চলে যেতে বললে সাব্বির ক্ষিপ্ত হয়ে পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগপন্থী আচরণের অভিযোগ করেন। পরে তিনি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাফায়েত আদিবসহ দলবল নিয়ে থানায় প্রবেশ করেন এবং ধ্বস্তাধ্বস্তি শুরু করেন। এক পুলিশ সদস্য ভিডিও ধারণ করছিলেন; ছাত্রদলকর্মীরা তার ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন।

ছাত্রদল নেতারা পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ এনেছেন। আব্দুল্লাহ আল সাফায়েত আদিব জানান, পুলিশ কর্মকর্তা টাকা চেয়েছিলেন; সাব্বির আহমেদ তা দিতে অস্বীকৃতি জানালে কথাকাটাকাটি হয়। তিনি আরও বলেন, মারামারি হয়নি এবং ওসির কাছে বিচার চেয়েছেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন জুয়েল জানান, ওই নেতারা সংগঠনের অনুমতি ছাড়া গিয়েছিলেন। তদন্ত করে দোষ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ছাত্রদল নেতা দলবল নিয়ে থানায় চড়াও হয়ে পুলিশের ওপর হামলা করেন। তারা আগের মতো পুলিশের আচরণের অভিযোগ তুলে এক কনস্টেবলের মোবাইল ভেঙে ফেলেন। পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।



banner close
banner close