নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় শ্রমিক দলের এক নেতার কথিত মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভাইরাল হওয়া ছবিতে খালিয়াজুরী উপজেলার ২ নম্বর চাকুয়া ইউনিয়ন শ্রমিক দলের দপ্তর সম্পাদক সাফায়েত তালুকদারকে মাদক সেবনরত অবস্থায় দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছবিটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাফায়েত তালুকদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিমনূর আলমের চাচাতো ভাই এবং বল্লী গ্রামের ওলিউর রহমানের ছেলে। ছবি প্রকাশের পর দলীয় নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এ বিষয়ে সাফায়েত তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার চাচাতো ভাই রহিমনূর তালুকদার জানান, অসুস্থতার কারণে তিনি বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানেন না।
খালিয়াজুরী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং সাফায়েত তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, মাদক সেবনের অভিযোগের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। সংশ্লিষ্টদের শনাক্ত ও আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানে পুলিশ সর্বদা সক্রিয়।
এদিকে স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের ঘটনা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে এবং তরুণ প্রজন্মের কাছে ভুল বার্তা পৌঁছে দেয়। তাই সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন জরুরি।
আরও পড়ুন:








