জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারকে জনগণের সব বকেয়া পরিশোধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করেই সরকার নতুন হালখাতা খুলেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটর থেকে শুরু হয়ে শাহবাগ প্রদক্ষিণ করে ইস্কাটন রোডে শেষ হওয়া বর্ণাঢ্য বৈশাখী র্যালির পর ইস্কাটন এলাকায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। অনুষ্ঠানটি ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ নামে পরিচালিত হয়।
নাহিদ ইসলাম বলেন, নববর্ষের এই দিনে সরকারের উচিত জনগণের সব বকেয়া যথাযথভাবে বুঝিয়ে দেওয়া। তিনি অভিযোগ করেন, সরকার গণভোটের রায় অমান্য করার চেষ্টা করছে। অচিরেই গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে জনগণের সঙ্গে বেইমানি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দ্রুত সময়ের মধ্যে সেগুলো বিল আকারে এনে আইনে পরিণত করার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, বিগত সময়ে পহেলা বৈশাখসহ বিভিন্ন উৎসবকে দলীয়করণ করা হয়েছিল। এনসিপি এখন সেগুলোকে নাগরিক উৎসব হিসেবে উদযাপনের চেষ্টা করছে। সংস্কার ও সাংস্কৃতিক মুক্তির লড়াই চলমান থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
বাঙালি সংস্কৃতির প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ শুধু বাংলাদেশের নয়, পুরো পৃথিবীর বাঙালিদের সাংস্কৃতিক কেন্দ্র। বাংলাদেশকে বহু ভাষা ও বহু সংস্কৃতির ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে এগিয়ে যেতে হবে।
র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। এতে বৈশাখী সংস্কৃতির নানা আয়োজন ছিল। অনুষ্ঠানটি দলীয়করণমুক্ত নাগরিক উদযাপন হিসেবে উপস্থাপন করা হয়।
আরও পড়ুন:








