গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর সাময়িকভাবে থামিয়ে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে সংঘটিত এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে “কৃষক কার্ড” প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধনে যোগ দিতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সকাল থেকেই টঙ্গীর বিআরটি প্রকল্পের উড়াল সেতুর স্টেশন রোড এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অবস্থান নেন।
বেলা পৌনে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর সেখানে পৌঁছালে নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে তারা গাড়িবহরের গতি রোধ করে দাঁড়িয়ে পড়েন এবং নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানান। পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ বিষয়ে নূরুল ইসলামের ছেলে সরকার শাহনূর ইসলাম রনি বলেন, তার বাবা সম্পূর্ণ নির্দোষ এবং তাকে মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি রাখা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হলে মুক্তির দাবি জানান।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নূরুল ইসলাম সরকারকে আসামি করা হয় এবং একই বছরে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে হাইকোর্ট এ মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। মামলার রায়ে সাজাপ্রাপ্ত নয়জন আসামি এখনো পলাতক বলে জানা গেছে।
আরও পড়ুন:








