মঙ্গলবার

১৪ এপ্রিল, ২০২৬ ১ বৈশাখ, ১৪৩৩

ডিসি বদলি নিয়ে মন্তব্যে বিতর্ক: এমপি আমির হামজাকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ০৭:০০

শেয়ার

ডিসি বদলি নিয়ে মন্তব্যে বিতর্ক: এমপি আমির হামজাকে আইনি নোটিশ
ছবি সংগৃহীত

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) বদলি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে সদর উপজেলার রবিউল ইসলাম নামের এক ব্যক্তি এ নোটিশ পাঠান।

নোটিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সংসদ সদস্য মুফতি আমির হামজা অভিযোগ করেন, কুষ্টিয়ার বর্তমান ডিসি বদলি হয়ে আসতে ‘২০ থেকে ৩০ কোটি টাকা’ ব্যয় করেছেন। এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে ডিসি বদলির জন্য কাকে বা কোন প্রতিষ্ঠানের কাছে অর্থ দেওয়া হয়েছে, তার সুনির্দিষ্ট তথ্য জনসম্মুখে প্রকাশ করতে হবে।

আইনজীবী আব্দুল মজিদ বলেন, একজন দায়িত্বশীল সংসদ সদস্যের এমন বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করেছে। এ ধরনের গুরুতর অভিযোগের পক্ষে প্রমাণ থাকা প্রয়োজন।

এ বিষয়ে মুফতি আমির হামজার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।



banner close
banner close