বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

আমরা সবাই জুলাই প্রোডাক্ট: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ১৮:১৪

শেয়ার

আমরা সবাই জুলাই প্রোডাক্ট: ডা. শফিকুর রহমান
ছবি সংগৃহীত

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে সরকার, বিরোধীদলসহ দেশের সব রাজনৈতিক শক্তিকে “জুলাই প্রোডাক্ট” বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাইয়ের অস্তিত্বের কারণেই বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল)। সকালে রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা হলে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ শীর্ষক ১১ দলীয় ঐক্যের জাতীয় সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আছে বলেই আমরা আছি, জুলাই আছে বলেই সরকার ও বিরোধীদল আছে। আমরা সবাই ‘জুলাই প্রোডাক্ট’। জুলাই না থাকলে আমাদেরও অস্তিত্ব থাকত না। তিনি সতর্ক করে বলেন, জুলাইয়ের চেতনার বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না।

তিনি আরও বলেন, গণভোটের রায়ের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে এবং প্রয়োজনে আবারও আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকার কথাও জানান।

জুলাই শহীদ পরিবার ও আন্দোলনের অংশগ্রহণকারীদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগামীর আন্দোলনে আরও সক্রিয়ভাবে মাঠে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। “যতদিন জাতির অধিকারের পক্ষে লড়াই প্রয়োজন, ততদিন সংসদে থাকব,যোগ করেন তিনি।

জামায়াত আমির জোর দিয়ে বলেন, এই আন্দোলন ক্ষমতার ভাগ-বাটোয়ারার জন্য নয়; বরং জনগণের রায় ও শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে। তিনি দাবি করেন, দেশের ৭০ শতাংশ মানুষের মতামতের প্রতিফলন ঘটাতেই এই আন্দোলন চলছে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই আন্দোলন সবার। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কেউ কারো গোলাম হবে না এবং কোনো পারিবারিক শাসন বা ‘রাজতন্ত্র’ প্রতিষ্ঠা পাবে না।