রবিবার

১২ এপ্রিল, ২০২৬ ২৯ চৈত্র, ১৪৩২

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ২১:৩৭

শেয়ার

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছবি বাংলা এডিশন

গণভোটের রায় বাস্তবায়নে সরকারের বিলম্বের প্রতিবাদে চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেল ৪টায় শহরের টাউন মাঠ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন মাঠে এসে শেষ হয়।

মিছিলটি টাউন মাঠ থেকে শুরু হয়ে কবোরী রোড, সরকারি কলেজ রোড, কোর্ট রোড, ভিজে স্কুল রোড, শহীদ হাসান চত্বর ও নিউমার্কেট এলাকা ঘুরে একই স্থানে এসে সমাপ্ত হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান এবং পরিচালনা করেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান। সভাপতির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, “৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে ৫২ শতাংশ ম্যান্ডেট পাওয়া দল উপেক্ষা করলে তা মেনে নেওয়া হবে না।” তিনি দ্রুত সময়ের মধ্যে গণরায়ের ভিত্তিতে পূর্ণাঙ্গ ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি আরও দাবি করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ একই তফসিলের অধীনে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে মত দিয়েছে। কিন্তু একটি রাজনৈতিক দল গণভোটের রায় প্রত্যাখ্যান করে সংস্কার পরিষদের শপথ বর্জন করেছে বলেও তিনি অভিযোগ করেন। একইসঙ্গে তিনি বলেন, কাঠামোগত মৌলিক সংস্কার ছাড়া কেবল সংবিধান সংশোধনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়।

সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ, জামায়াতের জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।



banner close
banner close