রবিবার

১২ এপ্রিল, ২০২৬ ২৯ চৈত্র, ১৪৩২

কুষ্টিয়ায় ‘পীর’ হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি মামুনুল হকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ১৬:৪০

শেয়ার

কুষ্টিয়ায় ‘পীর’ হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি মামুনুল হকের
ছবি সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে একটি ‘আস্তানায়’ হামলা চালিয়ে এক ‘পীর’কে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। রোববার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে মামুনুল হক বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া এবং সহিংসতার আশ্রয় গ্রহণযোগ্য নয়। একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা গুরুতর অপরাধ এবং এটি রাষ্ট্রের আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি সমাজে বিশৃঙ্খলা, প্রতিশোধপরায়ণতা ও অনাস্থা সৃষ্টি করে, যা একটি স্থিতিশীল রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। ঘটনাটিকে কেন্দ্র করে ‘তৌহিদি জনতা’ ইত্যাদি শব্দ ব্যবহার করে ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে সমষ্টিগতভাবে অপরাধী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি। এ ধরনের সাধারণীকরণকে অন্যায়, অযৌক্তিক ও বিভাজন সৃষ্টিকারী আখ্যা দিয়ে তিনি সংশ্লিষ্টদের সংযত ও দায়িত্বশীল ভাষা ব্যবহারের আহ্বান জানান।

ঘটনার পেছনে স্থানীয় রাজনীতি, ব্যক্তিগত দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার বা প্রভাব বিস্তারের প্রতিযোগিতা ভূমিকা রাখতে পারে উল্লেখ করে মামুনুল হক বলেন, প্রকৃত সত্য উদঘাটনে এসব দিক গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

সরকার ও আলেমসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে কিছু মাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অসামাজিক ও আইনবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, যা জনমনে ক্ষোভ সৃষ্টি করছে। এ বিষয়ে সরকারের কার্যকর ভূমিকা কামনা করেন তিনি। পাশাপাশি গ্রহণযোগ্য ইসলামিক স্কলারদের সমন্বয়ে একটি নিরপেক্ষ তদন্ত ও পর্যালোচনা কমিশন গঠনের প্রস্তাব দেন।

বিবৃতিতে আরও বলা হয়, কিছু মহল স্পর্শকাতর ঘটনাকে ইসলামবিদ্বেষী রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতার নিন্দা জানিয়ে দেশকে বিভাজন ও উত্তেজনাপূর্ণ রাজনীতি থেকে দূরে রাখার আহ্বান জানান তিনি।



banner close
banner close