রবিবার

১২ এপ্রিল, ২০২৬ ২৯ চৈত্র, ১৪৩২

‘বিরোধী দলের কবর খুঁড়লে সেখানে নিজেরাই পড়বে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ১৬:২৩

আপডেট: ১২ এপ্রিল, ২০২৬ ১৭:০২

শেয়ার

‘বিরোধী দলের কবর খুঁড়লে সেখানে নিজেরাই পড়বে’
ছবি: সংগৃহীত

নির্বাচনের আগে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে অলিখিত চুক্তি হয়েছিল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, বিএনপি যদি বিরোধী দলের কবর খোঁড়ার রাজনীতি শুরু করে, তাহলে সেই কবরে তাদের অবস্থান আগে হবে।

রবিবার দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১১ দল আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের’সঙ্গে

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আওয়ামী লীগের ভোটের মাধ্যমেই বিএনপি একসময় ক্ষমতায় এসেছে। নির্বাচনের আগে দুই দলের মধ্যে অলিখিত সমঝোতা ছিল বলেও তিনি দাবি করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী এমনকি শেখ হাসিনা দেশের বাইরে বসে এসব কথা বলছেন। এর ফলে জুলাই আন্দোলনের যোদ্ধাদের ওপর হামলা এবং শিক্ষার্থীদের হত্যাকাণ্ডে জড়িত অনেক দাগি আসামি এখন জামিনে মুক্তি পাচ্ছেন।

তিনি আরও বলেন, জুলাই সংক্রান্ত মামলার আসামিরা এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং জামিনে বেরিয়ে আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, তারা যদি বিরোধী দলের কবর খোঁড়ার রাজনীতি শুরু করে এবং আবারও সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটে, তাহলে সেই কবরেই তাদের অবস্থান আগে হবে।

সারজিস আলম আরও বলেন, গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কোনো রাজনৈতিক দলের ব্যানারে বিভক্ত করা উচিত নয়। তাদের ঐক্য বজায় রাখতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সেগুলো পুনর্গঠনে ২০টি অধ্যাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তবে বিএনপি ক্ষমতায় এসে সেসব প্রতিষ্ঠান নিজেদের মতো করে চালানোর চেষ্টা করছে, যার কারণে কিছু সিদ্ধান্ত ও অধ্যাদেশ বাতিল করা হয়েছে।

শহীদ পরিবার ও আহতদের উদ্দেশে তিনি বলেন, কোনো কিছুর বিনিময়ে বিভাজিত হওয়া যাবে না। এই আকাঙ্ক্ষা ক্ষতিগ্রস্ত হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে।



banner close
banner close