নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানিয়ে বলেছেন, “যেখানেই মাদক ব্যবসায়ী বা সেবী দেখবেন, ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করবেন।”
শনিবার (১২ এপ্রিল) দুপুরে জেলার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপুতা হাওরে বোরো ধান কাটা উদ্বোধন শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি হাওরাঞ্চলের কৃষকদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।
মাদকবিরোধী বক্তব্যে তিনি বলেন, এলাকায় কোনোভাবেই মাদক চলতে দেওয়া হবে না। স্থানীয়দের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন, “আপনারা পারবেন তো?” একই সঙ্গে তিনি প্রশাসনের ভূমিকার কথাও উল্লেখ করে বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি দেখভাল করবেন।
এছাড়া জেলেদের উদ্দেশ্যে তিনি আগামী কয়েক মাস পোনা মাছ না ধরার আহ্বান জানান। বৈশাখ থেকে সেপ্টেম্বর পর্যন্ত পোনা সংরক্ষণের ওপর জোর দিয়ে তিনি বলেন, এতে ভবিষ্যতে মাছের উৎপাদন বাড়বে এবং তা বড় সম্পদে পরিণত হবে। তিনি নিজেও পোনা মাছ অবমুক্ত করবেন বলে জানান। অবৈধ কারেন্ট জাল ব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় হাওরের উঠতি বোরো ধান ঘরে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি।
আরও পড়ুন:








