বাংলাদেশের ইতিহাসে জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান একটি ঐতিহাসিক মাইলফলক।
গুম, খুন, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে এই গণঅভ্যুত্থান হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে একটি নতুন স্বাধীনতার সূচনা করেছে। আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম যেখানে জনগণের ইচ্ছাই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।
কিন্তু অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, সেই গণআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে আবারও একটি বিপরীতমুখী রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রক্রিয়া চলছে। গণভোটে প্রাপ্ত প্রায় ৭৭ শতাংশ জনগণের সুস্পষ্ট রায় থাকা সত্ত্বেও সরকার সেই রায় বাস্তবায়নে গড়িমসি করছে। এমনকি সংসদে জুলাই চেতনার পরিপন্থী বিভিন্ন আইন পাস করা হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—জনগণের রায় উপেক্ষা করে কোনো রাষ্ট্রব্যবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে না।
জুলাই সনদের উপর শপথ না নেয়া এবং তার বাস্তবায়নে অনীহা প্রকাশের মাধ্যমে সরকার জনগণকে ভুল বার্তা দিচ্ছে। এটি গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেয়ার শামিল।
এদিকে আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, আমাদের তিনজন সহযোদ্ধা বর্তমানে আমরণ অনশনে রয়েছেন এবং ইতোমধ্যে ৪৫ ঘণ্টারও বেশি সময় অতিক্রম করেছেন। তারা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে উপনীত হয়েছেন। তাদের জীবনের কোনো ক্ষতি হলে এর সম্পূর্ণ দায়ভার সরকারকেই বহন করতে হবে।
আমরা আরও লক্ষ্য করেছি, সাম্প্রতিক আবু সাইদের বিচারিক প্রক্রিয়ায় মাত্র দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করে সরকার তথাকথিত “সাম্য ও সুষ্ঠু বিচার” প্রদর্শনের চেষ্টা করেছে। কিন্তু বাস্তবতা হলো—এই ঘটনায় জড়িত উচ্চপর্যায়ের শক্তিগুলোকে আড়াল করা হয়েছে, যা বিচারহীনতার সংস্কৃতিকেই আরও শক্তিশালী করছে।
মঞ্চ ২৪ সবসময় জনগণের পক্ষে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অবস্থান নিয়েছে। আমরা বিশ্বাস করি—বাংলাদেশের জনগণ যে কোনো প্রক্রিয়ায় তাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রাখে।
এই প্রেক্ষাপটে আমরা নিম্নোক্ত ঘোষণা দিচ্ছি—
আমাদের দাবি ও কর্মসূচি:
১. অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে।২. জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।৩. অনশনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।৪. বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে।
কর্মসূচি ঘোষণা:
মঞ্চ ২৪ অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং আমরণ অনশনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
দেশব্যাপী জনরায় বাস্তবায়নের দাবিতে জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করা হবে।
সকল রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।
মঞ্চ ২৪ একটি নাগরিক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে, যা এই আন্দোলনকে আরও বেগবান করবে।
আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—১২ তারিখের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা না যায়, তবে মঞ্চ ২৪ সর্বাত্মক আন্দোলনের ডাক দেবে এবং জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে।
আমাদের সংগ্রাম কোনো একক সময়ের নয়—এটি ৭১, ৭২, ৭৫ এবং ২৪-এর চেতনার সমন্বিত সংগ্রাম।
শেষে আমরা বলতে চাই—জনগণের রায় বাস্তবায়নই রাষ্ট্রের বৈধতার একমাত্র ভিত্তি। সেই রায় উপেক্ষা করে কেউ টিকে থাকতে পারবে না।
ধন্যবাদ।ওয়াসসালামু আলাইকুম।
আরও পড়ুন:








