বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোট বর্জনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি বলেন,‘গণতন্ত্রের স্বার্থে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকব এবং ফলাফল নিয়েই ঘরে ফিরব।’
বৃহস্পতিবার (৯ এপ্রিল)। বিকেলে শহরের জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে আবিদুর রহমান সোহেল অভিযোগ করেন, ভোটগ্রহণ শুরুর পর থেকেই নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা পক্ষপাতমূলক আচরণ করছেন।
নির্বাচনের পরিবেশ সুষ্ঠু নেই। রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা সরাসরি প্রতিপক্ষ প্রার্থীর হয়ে কাজ করছেন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগেভাগেই ফলাফলের শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে। এ ছাড়া নামুজা এলাকায় আমার এক কর্মীকে মারধর এবং পাঁচবাড়িয়া এলাকায় নির্বাচনি কার্যালয় ভাঙচুর করা হয়েছে।
বিভিন্ন কেন্দ্র থেকে সমর্থকদের বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে।’
সোহেল আরো জানান, নূরানী মোড় এলাকায় তার এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। ওই কর্মী বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এখন পর্যন্ত ২০টির বেশি লিখিত অভিযোগ দিলেও রিটার্নিং কর্মকর্তা কোনো ব্যবস্থা নেননি।
তিনি মূলত প্রতিপক্ষ দলের স্বার্থ রক্ষায় ব্যস্ত।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








