শেরপুর, বৃহস্পতিবার (৯ এপ্রিল): শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের চলমান নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী। ভোটগ্রহণ চলাকালে বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন অনিয়ম ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রার্থী এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তবে নির্বাচন শুরুর প্রথম কয়েক ঘণ্টায় বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও পড়ুন:








