জাতীয় সংসদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পুনর্গঠন নিয়ে তীব্র বাকবিতণ্ডা হয়েছে। ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬’ উত্থাপন প্রসঙ্গে আলোচনার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, বিসিবি এখন আর আগের মতো নেই, এটি ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে।
তার এই বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ক্রিকেট বোর্ডে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি। তিনি জানান, সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল-এর নেতৃত্বে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, যা সম্পূর্ণ পেশাদার বিবেচনায় করা হয়েছে। ‘এখানে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি,’ বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, পূর্ববর্তী বোর্ডের কার্যক্রম নিয়ে তদন্তের পরই তা ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন ক্রীড়া ক্লাবে প্রভাব বিস্তারের অভিযোগও উঠে এসেছে, যা তদন্তের আওতায় আনা হয়েছে।
এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে। ওই কমিটির প্রধান করা হয়েছে তামিম ইকবালকে। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।
নতুন কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। আগামী তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত বিসিবির আগের পরিচালনা পর্ষদ নিয়ে নানা বিতর্ক ছিল। সেই বোর্ডের সভাপতি ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।
আরও পড়ুন:








