বর্তমান জাতীয় সংসদে সরকারি দলের বেঞ্চে বহু বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থাকলেও বিরোধী দলের বেঞ্চে তেমন কাউকে খুঁজে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।
তবে তার এমন মন্তব্যে পাল্টা জবাব দিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। জবাবে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নাম উল্লেখ্য করে স্পিকার বলেন, ‘বিরোধী দলেও মুক্তিযোদ্ধা রয়েছেন এবং তিনি নিজে রণাঙ্গনে তাদের দেখেছেন।’
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা দেশের তিনটি গুরুত্বপূর্ণ আন্দোলন মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন (১৯৯০) এবং জুলাই-আগস্ট আন্দোলন সবকিছুকে ধারণ করে। তার ভাষায়, এই তিনটি আন্দোলনের ট্রফি আমাদের ঘরেই আছে, যা অন্য কোনো দল দেখাতে পারবে না।
তিনি আওয়ামী লীগ ও বিরোধী দলকে ইঙ্গিত করে বলেন, আওয়ামী লীগ ১৯৭১ ও ১৯৯০ সালের আন্দোলনের কথা বলতে পারলেও জুলাই-আগস্ট আন্দোলনের কৃতিত্ব তাদের নেই। অন্যদিকে, বিরোধী দল জুলাই-আগস্টের আন্দোলনের কথা বললেও ১৯৭১ ও ১৯৯০ সালের ট্রফি তাদের ঘরে নেই বলেও মন্তব্য করেন তিনি।
সময় শাহে আলম ১৯৮৬ সালের নির্বাচন প্রসঙ্গ তুলে ধরে বলেন, জামায়াত সে সময় আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছিল। তিনি দাবি করেন, বিএনপি ওই নির্বাচনে অংশ নেয়নি এবং সব আন্দোলনে ধারাবাহিকভাবে সক্রিয় ছিল।
শাহে আলমের ভাষ্য অনুযায়ী, সব দল আন্দোলনে অংশ নিলেও নেতৃত্ব একজনের হাতেই থাকে। সেই নেতৃত্বের কারণেই বর্তমান সংসদ গঠিত হয়েছে এবং রাজনৈতিক স্থিতিশীলতা এসেছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন:








