বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

শিরীন শারমিনের বিরুদ্ধে আছে ২ মামলা, একটিতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ১৩:৪৪

শেয়ার

শিরীন শারমিনের বিরুদ্ধে আছে ২ মামলা, একটিতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি
ছবি সংগৃহীত

ঢাকায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে থাকা দুই মামলার একটিতে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রিমান্ড চাওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকালে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, উত্তরা ও বনানী থানায় করা দুই মামলার মধ্যে একটিতে শিরীন শারমিনকে গ্রেপ্তার দেখানো হবে। দুপুরে তাঁকে আদালতে তোলার কথা রয়েছে।

এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে হেফাজতে রয়েছেন।,

শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার স্পিকার নির্বাচিত হওয়ার পর তিনি টানা একাধিক মেয়াদে দায়িত্বে ছিলেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিনি স্পিকার পদ থেকে পদত্যাগ করেন।

এদিকে জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সহিংসতার ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা ওই মামলায় তিনিসহ ১৭ জনকে আসামি করা হয়। মামলাটি ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুর মহানগর কোতোয়ালি আমলি আদালতে করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার।

ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।,