সোমবার

৬ এপ্রিল, ২০২৬ ২৩ চৈত্র, ১৪৩২

২৪-এ বিএনপির নেতাদের ছাড়াই বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে: ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬ ২২:২৮

শেয়ার

২৪-এ বিএনপির নেতাদের ছাড়াই বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে: ব্যারিস্টার ফুয়াদ
ছবি সংগৃহীত

বিএনপির নেতাদের ছাড়াই ২০২৪ সালে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সোমবার (৬ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহিদ বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সেমিনারে বিশেষ আলোচকের বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে রাকসু।,

ব্যারিস্টার ফুয়াদ তার বক্তব্যে বলেন, হাসিনার সেই ছবিটা (ভারতে যাওয়ার)। আপনাদের গেটে, দরজায়, গাড়িতে লাগিয়ে রাখেন, তা না হলে মনে রাখবেন-বাংলাদেশ কোনো জাতীয় নেতার অপেক্ষায় ছিল না। ’৭১ সালে শেখ মুজিব ছাড়াই বাংলাদেশ স্বাধীন হয়েছে। ২০২৪-এ বিএনপির নেতাদের ছাড়াই বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে। এটা ভুলে যাবেন না। এটাই বাংলাদেশের নতুন করে আজাদীর-ইনসাফের লড়াইয়ের ধারাবাহিকতা।

তিনি বলেন, বাংলাদেশে যারা পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত ফিরিয়ে আনতে চান, তারা মুসলিম লীগ, আওয়ামী লীগ, ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের ইতিহাস ভুলে যাইয়েন না। শুধু এই নির্বাচন দিয়েই আপনাদের রাজনৈতিক বন্দোবস্ত কীভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে, সেটা দেখেন। বাংলাদেশে নৌকা ছাড়া একটি ইনক্লুসিভ নির্বাচন হয়েছে। যারা বৈধ-অবৈধভাবে বাংলাদেশের টু-থার্ড পিরিয়ড ক্ষমতায় ছিল, বাংলাদেশে ৯ বছর ক্ষমতায় ছিল, সেই জাতীয় পার্টির জামানত বাজেয়াপ্ত হয়ে মার্কা গ্রামগঞ্জ থেকে উধাও হয়ে গেছে। আজকে বিএনপিকে পর্যন্ত মাইনরিটি এবং আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ভোটবাক্স ভর্তি করতে হয়েছে।,

ব্যারিস্টার ফুয়াদ বলেন, যারা বাংলাদেশে শহিদ জিয়ার রাজনীতি করেন, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে-বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে রাজনীতি করেন, তাদেরকে মাথায় রাখতে হবে, আপনাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে নতুন বন্দোবস্তের বিপক্ষে যাওয়ার কারণে, ক্রমান্বয়ে ভোটের রাজনীতিতেও আপনাদের পায়ের নীচ থেকে মাটি খসে যাচ্ছে। খসে যেতে যেতে, ক্ষমতার চোখের ছানিতে আপনারা দেখতে পারছেন না, একদিন উঠে দেখবেন বিমান আপনার অফিসের সামনে দাঁড়িয়ে আছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। আলোচক হিসেবে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দিকা ও কথাশিল্পী, প্রাবন্ধিক ও অনুবাদক নাজিব ওয়াদুদ। রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সভাপতিত্বে সেমিনারে সংক্ষিপ্ত বক্তব্য দেন সিনেট সদস্য ফজলে রাব্বি মো. ফাহিম রেজা। প্রবন্ধ পাঠ করেন রাকসুর বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর। সেমিনারে বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।,



banner close
banner close