বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সংসদ যাই বলুক না কেন, গণভোটের রায় তারা বাস্তবায়ন করবেন। দাবিকৃত ৭০ ভাগ জনগণের ‘হ্যাঁ’ ভোটকে তিনি এ রায়ের প্রমাণ হিসেবে উল্লেখ করেন।
সোমবার (৬ মার্চ) দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান।
বিরোধীদলীয় নেতা বলেন, জনগণ আপনাদের ভোট দিয়েছে—তার প্রমাণ কী, সেই প্রশ্নের উত্তরে ৭০ ভাগ মানুষের ‘হ্যাঁ’ ভোটই প্রমাণ। তিনি জানান, তারা ‘হ্যাঁ’ পক্ষে ছিলেন এবং আছেন। গণভোটের এ রায় সংসদ মানুক আর না মানুক, তারা তা বাস্তবায়ন করে দেখাবেন।
শফিকুর রহমান অভিযোগ করেন, গত ৫৪ বছরে দফায় দফায় ফ্যাসিবাদ জাতিকে এগিয়ে যেতে দেয়নি। ২০২৪ সালের বিপ্লবীরা সে ফ্যাসিবাদকে বঙ্গোপসাগর, নালা ও নর্দমায় ছুঁড়ে মেরেছে। তিনি প্রশ্ন তোলেন, কারা এখন নর্দমা থেকে তা তুলে আনতে চায়।
তিনি মনে করিয়ে দিয়ে বলেন, বর্তমান প্রজন্ম প্রমাণ করেছে, তারা জেগে উঠলে মাসের পর মাস বা বছরের বছর আন্দোলনের প্রয়োজন হয় না। তাদের বুক চিতিয়ে যুদ্ধ করার সিদ্ধান্ত ফ্যাসিবাদিদের কলিজায় কাঁপন ধরানোর জন্য যথেষ্ট। বিরোধী দল এ প্রজন্মের পাশে আছে বলে জানান জামায়াত আমির।
শফিকুর রহমান আরও বলেন, যেদিন গণভোটের গণরায় অস্বীকার করা হয়েছে, সেদিন থেকেই বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। তিনি দাবি করেন, তারা এ যাত্রা কদম কদম থামিয়ে দেবেন এবং এগোতে দেবেন না।
আরও পড়ুন:








