লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংঘর্ষে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আন্দোলনের জেলা সমন্বয়ক সাইফুল ইসলাম মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, গতকাল রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী ফাহিমের ওপর পরিকল্পিত ও অতর্কিত হামলার অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে আজ (রবিবার) বিকেল ৫টায় লক্ষ্মীপুর চকবাজার মসজিদের সামনে বিক্ষোভ মিছিলের ডাক দেয় সংগঠনটি।
তবে একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল, যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেল ৪টার দিকে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৪৪ ধারা জারির আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা চকবাজার মসজিদের সামনে জড়ো হন। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রদল ও পুলিশ যৌথভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তবে এ বিষয়ে পুলিশ বা ছাত্রদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে থমথমে থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন:








