রবিবার

৫ এপ্রিল, ২০২৬ ২২ চৈত্র, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটিতে ট্রান্সজেন্ডার : সমালোচনার মুখে বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬ ১৮:২৭

আপডেট: ৫ এপ্রিল, ২০২৬ ১৯:১৩

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটিতে ট্রান্সজেন্ডার : সমালোচনার মুখে বহিষ্কার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সৈয়দাবাদ কলেজ ছাত্রদলের কমিটিতে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ট্রান্সজেন্ডারকে পদ দেওয়ায় আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। অবশেষে সমালোচনার মুখে আলোচিত রিহিয়া রিহিকে (রেদোয়ান ইসলাম) বহিষ্কার করা হয়েছে।

রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারাদেশ দেওয়া হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বলেন, উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ছিল। সম্প্রতি ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি দেওয়ার আগে বায়োডাটায় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজোয়ান ইসলাম ওরফে রিহিয়া রিহি নিজের জেন্ডারের তথ্য গোপন করেন। এতে তিনি উল্লেখ্য করেছিলেন পুরুষ হিসেবে। কিন্তু কমিটি ঘোষণার পর জানা যায় তিনি অপারেশন করে পুরুষ থেকে নারী হয়েছেন। তথ্য গোপন করার অভিযোগে রেদোয়ান ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে রেদোয়ান ইসলাম কমিটিতে থাকার বিষয়ে এক ভিডিও বার্তায় বলেন, অনেকে বুঝে না বুঝে নানা ধরনের মন্তব্য করছেন। আমাকে বিবেচনা করে যুক্ত করেছেন। উনারা চাচ্ছিলেন সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে এমন মানুষকে যুক্ত করতে। সৈয়দাবাদ কলেজ থেকে নিত্য পরিবেশন করে আমি জেলা, উপজেলা বিভাগসহ বিভিন্ন পর্যায়ে গিয়েছি। সেই হিসেবে উনারা আমাকে এ পদে যুক্ত করেছেন। এতে করে কিছু মানুষের ঘুম হারাম হয়ে যাবে আমার জানা ছিল না। আমাকে নিয়ে এমনভাবে বিবাদ করছে, যেন আমাকে কোনো সংসদ আসন দেওয়া হয়েছে। আমি মনে করি যার যে যোগ্যতা আছে সেভাবে কাজ করতে পারবে। সে ছেলে নাকি মেয়ে তা বিষয় না।

এদিকে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য কসবার সচেতন ছাত্র জনতা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দিয়ে সংবাদ সম্মেলন করার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে।



banner close
banner close