জাতীয় কাউন্সিল আয়োজনের মাধ্যমে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ কথা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৪ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, দলের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করা এবং দ্রুত জাতীয় কাউন্সিল আয়োজনের বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, “আমরা খুব শিগগিরই কাউন্সিলের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।”
কাউন্সিলের সম্ভাব্য সময় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি আয়োজন করতে ন্যূনতম কয়েক মাস সময় লাগবে। এরপরই নির্ধারণ করা হবে চূড়ান্ত সময়সূচি।
বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টা ৪০ মিনিটে শুরু হওয়া স্থায়ী কমিটির বৈঠক প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম ও জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, সরকারের ৪৭ দিনের কর্মসূচি সম্পর্কেও স্থায়ী কমিটির সদস্যদের মতামত ও পরামর্শ নেওয়া হয়েছে বলে জানান মহাসচিব।
বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্যরা—খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।
এর আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি একই স্থানে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
আরও পড়ুন:





.jpg)


