শনিবার

৪ এপ্রিল, ২০২৬ ২১ চৈত্র, ১৪৩২

ঈদ বকশিসের কথা বলে ডেকে নিয়ে হত্যা, সিরাজগঞ্জে বিএনপি নেতার স্বীকারোক্তি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬ ২০:০৯

শেয়ার

ঈদ বকশিসের কথা বলে ডেকে নিয়ে হত্যা, সিরাজগঞ্জে বিএনপি নেতার স্বীকারোক্তি
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ঈদ বকশিস দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যার মামলায় বিএনপি নেতা সাইফুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে শাহজাদপুর চৌকি আদালতের বিচারক মো. মোসলেম উদ্দীনের খাস কামরায় তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাতে রংপুর শহর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত সাইফুল ইসলাম উপজেলার কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সড়াতৈল গ্রামের আদম ব্যাপারীর ছেলে। ঘটনার পর ২৫ মার্চ তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

নিহত সোহেল রানা (২৫) একই ইউনিয়নের সড়াতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, পবিত্র ঈদুল ফিতরের আগের দিন সন্ধ্যায় ঈদ বকশিস দেওয়ার কথা বলে সোহেল রানাকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। ঈদের দিন সকালে স্থানীয় একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের মা রুবি আক্তার বাদী হয়ে সাইফুল ইসলামের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার হওয়া অটোরিকশাচালক রবিউল ইসলাম রবি ইতোমধ্যে কারাগারে রয়েছেন এবং তিনিও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।



banner close
banner close