ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব জাতীয় সংসদে প্রত্যাখ্যাত হওয়ার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে ট্রাংক রোডস্থ ফেনী প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান। জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আবু ইউছুফ, জেলা সহকারী সেক্রেটারি ও এপিপি অ্যাডভোকেট জামাল উদ্দিন, জেলা সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমান এবং শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।
বক্তারা বলেন, ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা দীর্ঘদিনের গণদাবি। নির্বাচনোত্তর জনসভায় বর্তমান প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কথা থাকলেও জাতীয় সংসদে তা প্রত্যাখ্যাত হওয়ায় তারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
তারা অভিযোগ করেন, অতীতেও ফেনীবাসী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করেছে, কিন্তু সে সময় ফেনীর পরিবর্তে নোয়াখালীতে মেডিকেল কলেজ স্থাপন করা হয়। বর্তমানেও একইভাবে ফেনীর দাবি উপেক্ষা করে লক্ষ্মীপুরে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তারা অযৌক্তিক বলে উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, ফেনীতে চিকিৎসাসেবা নিতে জেলার প্রায় ১৮ লাখ মানুষের পাশাপাশি কুমিল্লার চৌদ্দগ্রাম, নোয়াখালীর সেনবাগ ও কোম্পানীগঞ্জ, চট্টগ্রামের মিরসরাই এবং খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকার মানুষ আসেন। এ বাস্তবতায় ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বলে তারা দাবি করেন।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং দাবি আদায় না হলে সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন:








