রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এক ভাতের হোটেল ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-২। বৃহস্পতিবার (২ এপ্রিল) মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে জাকির হোসেন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শেরেবাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
মামলার তথ্য অনুযায়ী, আগারগাঁও এলাকায় ভাতের হোটেল পরিচালনাকারী ব্যবসায়ী আলমগীরের কাছ থেকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে জাকির ও তার সহযোগীরা বিভিন্ন সময়ে কিস্তিতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। এছাড়া তারা নিয়মিত হোটেলে এসে বাকি টাকায় খাবার খেয়ে চলে যেত বলেও অভিযোগ রয়েছে।
গত ৩০ মার্চ বিকেলে জাকির ও তার সহযোগীরা আবারও আলমগীরের হোটেলে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করে। আলমগীর টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এতে আতঙ্কিত হয়ে তিনি সমিতি থেকে কিস্তিতে টাকা তুলে আরও ৫০ হাজার টাকা দেন।
ঘটনার পর চরম আতঙ্কে আলমগীর ও তার পরিবার নিজেদের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযানের মাধ্যমে প্রধান আসামি জাকিরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:








