বৃহস্পতিবার

২ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

৫০ কোটি টাকার ঘুষের অভিযোগে এমপি আমীর হামজাকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬ ২২:৩২

শেয়ার

৫০ কোটি টাকার ঘুষের অভিযোগে এমপি আমীর হামজাকে লিগ্যাল নোটিশ
ছবি সংগৃহীত

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষ প্রস্তাব সংক্রান্ত বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা চেয়ে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা-কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আলহাজ্ব মো. আব্দুল মজিদের মাধ্যমে মো. হৃদয় হাসান এ নোটিশ প্রেরণ করেন।

নোটিশ প্রদানকারী মো. হৃদয় হাসান কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের নওয়াপাড়া এলাকার বাসিন্দা। নোটিশে উল্লেখ করা হয়, এমপি আমির হামজা বিভিন্ন জনসভায় দাবি করেন যে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখতে তাকে তিন দিনের মধ্যে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তিনি তা প্রত্যাখ্যান করেন। এ বক্তব্য গত ২৭ ফেব্রুয়ারি দৈনিক যুগান্তর এবং ২৮ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলো-সহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়।

নোটিশে বলা হয়, এমন গুরুতর অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় প্রকাশ না করা এবং তাদের আইনের আওতায় না আনা দায়িত্ব পালনে ঘাটতির শামিল হতে পারে। এতে আরও উল্লেখ করা হয়, ঘুষ সংক্রান্ত অপরাধে ঘুষদাতা ও গ্রহীতা উভয়ই দায়ী।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের পরিচয় জনসম্মুখে প্রকাশ অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার জন্য আহ্বান জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।



banner close
banner close