মঙ্গলবার

৩১ মার্চ, ২০২৬ ১৭ চৈত্র, ১৪৩২

সরকারি বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

জয়পুরহাট প্রতিনিধি:

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬ ১১:৪২

শেয়ার

সরকারি বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ছবি বাংলা এডিশন

দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে ঢেউটিন বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে । টিন না পেয়ে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন সুবিধাবঞ্চিত গ্রামবাসীরা।

জানা গেছে, রবিবার (১৫ মার্চ) রাতে দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি জয়পুরহাটের কালাই উপজেলাতেও প্রবল বৃষ্টিপাত হয়। এই বৃষ্টি কারণে উদয়পুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় লন্ড ভন্ড হয়ে যায় টিনের ছাউনি ও মাটির তৈরি ঘর-বাড়ী।

বৃষ্টির পরে গত বুধবার (১৮ মার্চ ) তারিখে দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে শাড়ী, থ্রি-পিচ, হাজী রুমাল, অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়। যে টিন বিতরণের দায়িত্ব দেওয়া হয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায় এবং স্থানীয় বিএনপি নেতাদের। দায়িত্ব নেওয়ার পর পর উদয়পুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে বিতরণ করা হয় ঢেউটিন আর তাতেই স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে বিএনপি নেতা আব্দুল আলীম এর বিরুদ্ধে।

উদয়পুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সুবিধাবঞ্চিত নুরুল ইসলাম জানান, গ্রামের ঐ পার্শ্বে আব্দুল আলীম এর ভাগিনা ভাতিজা, নাতিসহ যারা আপনজন তারাই পাইছে। এর মধ্যে জোনাব আলী , তফলা, লুৎফর, আওয়াল, ছানোয়ার, আইদুল, সামিউল পেয়েছে। যাদের ছাদওয়ালা বাড়ি, ইটওয়ালা বাড়ি তাঁরাই টিন পাইছে। গরিবরা পাইনি। সে যদি পাড়ার চার কোনায় চারটা পরিবারকে দিতো তাও হতো , কিন্তু সে এক জায়গায় দিয়েছে।

নুরুল ইসলাম এর দৃষ্টি প্রতিবন্ধী স্ত্রী জানান,বাড়িঘর ঝড় তুফানে উড়িয়ে নিয়ে গেছে, তিনি অন্ধ মানুষ গরুর কাছে গিয়েছে গোয়ালের একটা লাথি মারছে, কোমরটা মচকিয়ে গেছে। তিন দিন থেকে ব্যথায় পড়ে কান্নাকাটি করছেন তিনি হাঁটাচলা করতে পারছেন না। ভালোভাবে বাঁচাতে সরকারের সহযোগিতা চান মহিলাটি।

ঐ গ্রামের সুবিধাবঞ্চিত নারী জেসমিন জানান, তার ঘর ও বাতাসে উড়ে গেছে নুরুল এর স্ত্রী এবং তাকেও দিতে চেয়েছে টিন কিন্তু দেয়নি ।

এ ব্যাপারে উদয়পুর ইউপি সদস্য লাল মিয়া ওরফে বাদশা জানান, তাদের গ্রামে ঝড়ে টিন উড়ে গেছে বাড়ি ঘর লন্ডভন্ড হইছে, আসলে যারা পাওয়ার যোগ্য তারা এখন পর্যন্ত টিন পায়নি। আর যারা পাওয়ার যোগ্য না, যাদের বাড়িতে টিন লাগানোর জায়গা নাই তারা টিন পাইছে। প্রতিমন্ত্রী সাহেব ইউএনও মহোদয়কে দিয়ে একটা তদন্ত করে লিস্ট করে নিয়ে আসছে, ওই লিষ্ট অনুযায়ী যারা পাওয়ার যোগ্য তাদের যেন টিনগুলো দেওয়া হয়।

অভিযুক্ত উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম জানান, পাইকপাড়া এলাকায় ঝড় বৃষ্টির কারণে অনেক মানুষের ঘরের টিন উড়ে গেছে। প্রতিমন্ত্রী আব্দুল বারী সাহেব এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত লোকজনদের ৩২ বান্ডিল ত্রানের টিন দেওয়া হয়েছে। এছাড়াও তার ভাই ভাতিজাদের সামর্থ্য না থাকায় তাদের ও দেওয়া হয়েছে। টিন বিতরণে তিনি কোন দুর্নীতি করেননি।

ঘটনার বিবরণে কালাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায় জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী লিষ্ট করেছেন। তার লিষ্ট ই বড় । তারা লিষ্ট করেননি। এ প্রসঙ্গে অন্যান্য প্রশ্ন করলে সাংবিদিকদের বক্তব্য দিতে অনাগ্রহ প্রকাশ করেন তিনি।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা জানান, ঈদের পূর্বে ঘূর্ণিঝড় হয়েছিল। এতে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় অধিকাংশ পরিবারের টিন উড়ে গেছে । খোলা আকাশের নিচে বসবাস করতে হয়েছে। তৎক্ষণাৎ উপজেলা পর্যায়ে টিনের যে পরিমাণ জোগান ছিল তা দিয়েই সে সময়ের পরিস্থিতি মোকাবেলা করা হয়েছে। অনেক মানুষই এখনও ক্ষতিগ্রস্ত এবং তাঁরা কোনো সাহায্য পায়নি। পরবর্তীতে বরাদ্দের টিন আসলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেওয়া হবে।



banner close
banner close