পুলিশের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যথাযথ বাজেট না দেওয়ার কারণে তৃণমূল পর্যায়ে ‘ম্যানেজ করে নাও’ সংস্কৃতি তৈরি হচ্ছে মন্তব্য করে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এতে পুলিশ সদস্যরা অনাকাঙ্ক্ষিতভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়তে বাধ্য হন। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ বিষয়ে বক্তব্য রাখেন।
বাজেটের অপ্রতুলতায় থানা পর্যায়ে তদন্ত ব্যয় ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় জটিলতার কথা তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ জানান, সম্প্রতি ২৬ মার্চের কর্মসূচি আয়োজনে প্রশাসনকে বরাদ্দকৃত বাজেটের চেয়ে প্রকৃত ব্যয় বেশি হওয়ায় স্থানীয় ব্যবসায়ী বা প্রতিষ্ঠিত ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে হয়েছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন, পুলিশের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যথাযথ বাজেট দেওয়া হবে কি না, যেন তাদের ওই সংস্কৃতিতে যেতে না হয়।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের কার্যক্রম আরও দক্ষ ও দুর্নীতিমুক্ত করতে বাজেট বাড়ানোর প্রয়োজন রয়েছে। তিনি জানান, আগামী বাজেট অধিবেশনে পুলিশের বাজেট বৃদ্ধির জন্য অর্থমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে। মন্ত্রী স্বীকার করেন, পুলিশের প্রয়োজনীয় সম্পদ ও বাজেটের তুলনায় অর্থনীতির সীমাবদ্ধতায় অনেক সময় তা দেওয়া সম্ভব হয় না। তবে তিনি বলেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশ ব্যবস্থা গড়ে তুলতে হলে ‘ম্যানেজ করার’ সংস্কৃতি থেকে বের করে আনতে হবে।
সংসদীয় শিষ্টাচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংসদ সদস্য হিসেবে বয়স নির্বিশেষে যথাযথ সম্বোধন করতে হবে।
আরও পড়ুন:








