রবিবার

২৯ মার্চ, ২০২৬ ১৫ চৈত্র, ১৪৩২

ময়মনসিংহে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ব্রহ্মপুত্রের বালু উত্তেলনের অভিযোগ; উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ১৩:৩০

শেয়ার

ময়মনসিংহে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ব্রহ্মপুত্রের বালু উত্তেলনের অভিযোগ; উত্তপ্ত পরিস্থিতি
সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের চরে বালু উত্তোলনকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে ছাত্রদল নেতার অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী ছাত্রদলের নেতাকর্মীদের ১১টি মোটরসাইকেলে আগুন দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজসংলগ্ন চরআলগী মৌজায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি কলেজসংলগ্ন ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা চরটি চরআলগী মৌজার বাসিন্দাদের মালিকানাধীন বলে দাবি করা হয়। দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে বালু উত্তোলন হয়ে আসছিল। এ নিয়ে আগে একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে, তবে স্থায়ী কোনো সমাধান হয়নি।

বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনের অনুসারীরা চরআলগী মৌজার সাত্তার, বাবুল ও সাদেক নামে তিনজনের জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করে বলে অভিযোগ ওঠে। এতে জমির মালিকরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় মুক্তার হোসেনের অনুসারীরা ঘটনাস্থলে যাওয়ার পথে স্থানীয় নৌকার মাঝি ওয়াইজ উদ্দিন ওরফে পাবলিককে মারধর করে এবং তার নৌকায় আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। পরে ওই মাঝি সাঁতরে গিয়ে গ্রামবাসীকে বিষয়টি জানালে তারা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে।

এরপর গ্রামবাসীর ধাওয়ায় ছাত্রদল নেতার অনুসারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সরকারি কলেজের সামনে সড়কে ফেলে যাওয়া ১১টি মোটরসাইকেলে আগুন দেয় উত্তেজিত জনতা।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।



আরও পড়ুন:

banner close
banner close