ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তালাশ ক্রাইম দৃষ্টি ফেসবুক পেজের প্রশাসক দ্বীন ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় মেহারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবদুল আওয়ালকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা সফিকুল ইসলাম বাদী হয়ে গতকাল কসবা থানায় মামলাটি করেন। এ ঘটনায় এ পর্যন্ত দুইজনকে আটক করেছে পুলিশ।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, মামলার সূত্র ধরে আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে কিছু বিষয় গোপন রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গত মঙ্গলবার দুপুরে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের বাসিন্দা দ্বীন ইসলামকে বাড়ি থেকে সংঘবদ্ধ দুর্বৃত্তরা তুলে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় শিমরাইল গ্রামের পশ্চিম পাশে নদীর তীরে, পার্শ্ববর্তী কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার সিদ্ধিরগঞ্জ এলাকায় ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন:






.jpg)

