বগুড়ায় একটি সমবায় সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী আলাল শেখকে (৪৬) ভোটগ্রহণ চলাকালে বাজার থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা যুবদল নেতার সংশ্লিষ্টতার অভিযোগ করেছে পুলিশ, যদিও অভিযুক্ত তা অস্বীকার করেছেন।
শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ফতেহ আলী বাজারে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় আলাল শেখকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল ৩টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
পুলিশ জানায়, জেলা যুবদল নেতা শফিকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন যুবক আলাল শেখকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে তাকে শহরের মালগ্রাম ডাবতলা এলাকার একটি বাগানে বেঁধে রেখে পিটিয়ে দুই পা ও একটি হাত ভেঙে দেওয়া হয়।
বগুড়ার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, ঘটনার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। তিনি বলেন, শফিকুল ইসলাম ও তার সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটতে পারে।
অন্যদিকে, অভিযুক্ত যুবদল নেতা শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আলাল শেখের সঙ্গে অনেকের শত্রুতা রয়েছে। ব্যক্তিগত বিরোধের জের ধরে অন্য কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবি ও থানা পুলিশ যৌথভাবে কাজ করছে।
উল্লেখ্য, আহত আলাল শেখ শহরের চকসুত্রাপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:





.jpg)


