বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

ষড়যন্ত্র নয়, জনগণের দাবিতেই বাংলাদেশের সৃষ্টি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ১৭:৪৩

শেয়ার

ষড়যন্ত্র নয়, জনগণের দাবিতেই বাংলাদেশের সৃষ্টি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকু
ছবি সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কোনো দেশের ষড়যন্ত্রে নয়, বরং মানুষের আত্মপরিচয়, অধিকারবোধ ও রাষ্ট্রীয় অস্তিত্বের দাবির মধ্য দিয়েই বাংলাদেশের সৃষ্টি হয়েছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ছিল সাধারণ মানুষের অংশগ্রহণে পরিচালিত একটি জনযুদ্ধ, যেখানে ব্যক্তিগত লাভ-ক্ষতির হিসাব ছিল না। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তরুণরা নিঃস্বার্থভাবে লড়াই করেছেন, যা বিজয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে হয়নি। পাকিস্তান আমলে ভাষা, সংস্কৃতি, অর্থনীতি ও জীবনযাত্রায় বৈষম্যের কারণে বাঙালিরা স্বাধীনতার পথে এগিয়ে যায় এবং নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠা করে।

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধ দেশের জনগণের সম্মিলিত অর্জন এবং এটি কোনো একক রাজনৈতিক দলের সম্পদ নয়।

রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি জিয়াউর রহমান-এর স্বাধীনতা ঘোষণার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তার ঘোষণার মাধ্যমে যুদ্ধকালীন সময়ে মানুষের মধ্যে সাহস ও প্রত্যয়ের সঞ্চার হয়েছিল।

এ সময় তিনি মুক্তিযুদ্ধ-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং বিভিন্ন সরকারের ভূমিকা নিয়েও মন্তব্য করেন এবং বলেন, স্বাধীনতার পর প্রত্যাশিত অগ্রগতি সব ক্ষেত্রে অর্জিত হয়নি।

অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



banner close
banner close