নীলফামারীর ডোমারে স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সংসদ সদস্যের নাম প্রধান অতিথি হিসেবে ঘোষণা না করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতির এক পর্যায়ে অনুষ্ঠান ত্যাগ করেন সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ডোমার হাইস্কুল মাঠে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকা বিএনপির এক নেতা সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তারের নাম ঘোষণা করেননি। এতে জামায়াত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান ত্যাগ করে বের হওয়ার সময় বিএনপির কিছু নেতাকর্মী জামায়াত নেতাকর্মী ও সংসদ সদস্যকে লক্ষ্য করে ‘রাজাকার’ ও ‘স্বাধীনতাবিরোধী’ স্লোগান দেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মাসুদ বিন আমিন সুমন। তিনি বলেন, উপজেলা প্রশাসনের দেওয়া স্ক্রিপ্টে প্রধান অতিথির নাম উল্লেখ ছিল না। এরপরও সংসদ সদস্যকে যথাযথ সম্মান দিয়ে আসন গ্রহণের অনুরোধ জানানো হয়েছিল এবং তিনি তা গ্রহণও করেন। কিছু দুষ্কৃতকারী পরিস্থিতি অস্থিতিশীল করতে অশালীন ভাষা ব্যবহার করেছেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার বলেন, অনুষ্ঠান সুন্দরভাবে চলছিল, তবে এ ধরনের আয়োজনে দলীয় ব্যক্তির পরিবর্তে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সঞ্চালনা করা উচিত। ভবিষ্যতে এ বিষয়ে উপজেলা প্রশাসনকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান, অনুষ্ঠানে কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আশা প্রকাশ করেন, এ ঘটনাকে কেন্দ্র করে আর কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না।
আরও পড়ুন:


.jpg)





