জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশে শাসক বদলেছে, কিন্তু শোষণের ধারা অপরিবর্তিত রয়েছে। তিনি বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় ডা. শফিকুর রহমান বলেন, গণতন্ত্র অনুযায়ী একটি দল সরকারে থাকবে, অন্য দল বিরোধী ভূমিকা পালন করবে। সরকারের ভালো কাজে সহযোগিতা করা হবে, কিন্তু জনগণের প্রতি অন্যায্য কোনো পদক্ষেপ হলে তা প্রতিহত করা হবে। তিনি বলেন, স্বাধীনতা অর্জন রক্তের বিনিময়ে হয়েছে এবং দেশের মানুষকে সচেতন থাকতে হবে। ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে, যা প্রতিহত করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
আলোচনা সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, সাবেক এমপি ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং অন্যান্য নেতারা বক্তব্য দেন। তারা সরকারকে জনগণের রায় মেনে চলার এবং স্বাধীনতার চেতনা রক্ষার আহ্বান জানান।
সভা পবিত্র কোরআনের তিলাওয়াত ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা মহানগর শিল্পীগোষ্ঠীর গান পরিবেশনের মাধ্যমে শুরু হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, সঞ্চালনা করেন পটুয়াখালী-২ বাউফল আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
আরও পড়ুন:








