বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

তারেক রহমানের কার্যক্রমে সন্তোষ, জ্বালানি সংকটে উদ্বেগ কাদের সিদ্দিকীর

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ১৯:৪৪

শেয়ার

তারেক রহমানের কার্যক্রমে সন্তোষ, জ্বালানি সংকটে উদ্বেগ কাদের সিদ্দিকীর
ছবি সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের সিলিমপুর এলাকায় মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, শেখ হাসিনার পতনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো কার্যক্রম তার অপছন্দ হয়নি। একই সঙ্গে তিনি চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

নিজ প্রকল্প পরিদর্শনকালে কাদের সিদ্দিকী বলেন, মানুষের মধ্যে জ্বালানি সংকট নিয়ে শঙ্কা রয়েছে এবং ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে সংকট নিরসন কঠিন হয়ে পড়তে পারে।

মন্ত্রীদের বক্তব্য ও সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতার মধ্যে পার্থক্যের কথা তুলে ধরে তিনি বলেন, অনেক মন্ত্রীর অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। বাস্তবে সংকট না থাকলেও মানুষ যে পরিস্থিতি অনুভব করে, সেটিই গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব সম্পর্কে কাদের সিদ্দিকী বলেন, দীর্ঘ রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে আসায় তারেক রহমান অভিজ্ঞতা অর্জন করেছেন। অতীতে তার কিছু কর্মকাণ্ড পছন্দ না হলেও সাম্প্রতিক সময়ে তার পরিচালিত সরকারের কার্যক্রম তার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে।

তিনি আরও বলেন, দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে যারা অনিয়মে জড়িত, তাদের নিয়ন্ত্রণে রাখতে পারলে ইতিবাচক পরিবর্তন সম্ভব।