মঙ্গলবার

২৪ মার্চ, ২০২৬ ১০ চৈত্র, ১৪৩২

মানহানির মামলায় ইনু, মেনন ও মানিকের জামিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ১৬:৫৮

আপডেট: ২৪ মার্চ, ২০২৬ ১৭:০৩

শেয়ার

মানহানির মামলায় ইনু, মেনন ও মানিকের জামিন
ইনু,মেনন,সাবেক বিচারপতি মানিক

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক-এর জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে হাসানুল হক ইনুকে আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি রাশেদ খান মেনন ও এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক হাজিরা দিতে আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে ইনুকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তিন আসামির পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে গত ২১ জানুয়ারি এই মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে প্রদান করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জিয়াউর রহমানকে রাজাকার ও যুদ্ধাপরাধী হিসেবে উল্লেখ করেন। এছাড়া ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা নন এবং মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেন।

অভিযোগে আরও বলা হয়, ২০১৩ সালের ১৯ জুলাই পৃথক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। পাশাপাশি, বিভিন্ন সময়ে আসামিরা জিয়া পরিবার সম্পর্কেও বিরূপ ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।



banner close
banner close