মঙ্গলবার

২৪ মার্চ, ২০২৬ ১০ চৈত্র, ১৪৩২

মুসলিম পুনরুদ্ধার ও পাটকল চালুতে সরকারের উদ্যোগ: প্রতিমন্ত্রী শরীফুল আলম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ১৩:২০

আপডেট: ২৪ মার্চ, ২০২৬ ১৩:২২

শেয়ার

মুসলিম পুনরুদ্ধার ও পাটকল চালুতে সরকারের উদ্যোগ: প্রতিমন্ত্রী শরীফুল আলম
ছবি বাংলা এডিশন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি জানিয়েছেন, প্রায় ২০০ বছরের পুরোনো মসলিন কাপড় পুনরুদ্ধারে সরকার কাজ করছে। একই সঙ্গে বন্ধ পাটকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়ায় বাস্তবায়নাধীন জামদানি ভিলেজ প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এসব তথ্য দেন।

প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, মসলিন ও জামদানি শিল্পের ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। এ লক্ষ্যে বিদেশে, বিশেষ করে ইংল্যান্ডে গিয়ে ঐতিহাসিক তথ্য ও নিদর্শন সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের অভিজ্ঞ কারিগরদের সম্পৃক্ত করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

পাটশিল্প প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বন্ধ পাটকলগুলো পুনরায় চালুর কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে কয়েকটি পাটকল চালু হয়েছে এবং আরও কিছু চালুর প্রক্রিয়ায় রয়েছে। এর মাধ্যমে দেশে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পাটশিল্প সম্প্রসারণে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জামদানি ভিলেজ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন। তিনি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় তাঁতিদের সঙ্গে কথা বলেন। আব-ই-রওয়ান প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করে মসলিন তৈরির বিভিন্ন ধাপ, তুলা থেকে সুতা প্রস্তুত এবং সুতা দিয়ে কাপড় বুননের প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এছাড়া গ্যালারিতে প্রদর্শিত মসলিন কাপড় পরিদর্শন করেন।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, তাঁত বোর্ডের সদস্য মো. মিজানুর রহমান, দেবাশীষ নাগ, যুগ্মসচিব মো. জাহিদ হাসান, প্রকল্প পরিচালক আইয়ুব আলী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো. কুতুব উদ্দিন এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



banner close
banner close