ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশে প্রতিশোধের রাজনীতি অনেক হয়েছে এবং আর প্রতিশোধের প্রয়োজন নেই। সোমবার ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের ইসলামপুরে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মামলা বাণিজ্য প্রসঙ্গে তিনি বলেন, সারা বাংলাদেশে মামলা বাণিজ্য ছড়িয়ে পড়েছে এবং এ বিষয়ে শুরু থেকে কেউ কথা বলেনি। তিনি উল্লেখ করেন, একটি মামলার এফআইআরে শত শত মানুষকে আসামি করা হয়। মিথ্যা মামলা দিতে ও নাম কাটাতে উভয়ক্ষেত্রেই অর্থ লেনদেন হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
সংসদ সদস্য বলেন, তিনি এমন বাংলাদেশ চান যেখানে সবাই মিলে সবার সহযোগিতায় এগিয়ে যাবে। ফৌজদারি অপরাধীদের বিরুদ্ধে মামলা হবে বলেও তিনি জানান, তবে ব্যক্তিগত বা ব্যবসায়িক বিরোধের কারণে কাউকে মামলায় জড়ানো যাবে না বলে তিনি স্পষ্ট করেন।
তিনি থানার পুলিশ সদস্যদের প্রতি অনুরোধ জানান, মিথ্যা মামলা আসলে তা যাচাই-বাছাই করতে। জেলগেটে জামিন পাওয়ার পর আরেকটি মামলা দেওয়ার ঘটনাকেও তিনি ইঙ্গিত করেন এবং বলেন, এসবের পরিণতি ভালো হবে না।
তিনি প্রশ্ন তোলেন, কতদিন প্রতিশোধ নেওয়া-নেওয়ার রাজনীতি চলবে। অপরাধীদের শাস্তির আওতায় আনার পাশাপাশি নিরপরাধ ব্যক্তিদের যেন শাস্তি না দেওয়া হয় সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় সাবেক সচিব মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. এমরান জাহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আরও পড়ুন:








