বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার ও বিএনপি সরে গেছে।
সোমবার দুপুরে কক্সবাজার বিমানবন্দর-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের কার্যক্রমের সমালোচনা করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিপুল প্রাণহানি ও বহু মানুষের পঙ্গুত্বের বিনিময়ে যে নতুন রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা তৈরি হয়েছিল, সরকার গঠনের পর তার প্রতিফলন দেখা যাচ্ছে না। তার মতে, বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার থেকে সরে এসে ভিন্ন অবস্থান নিয়েছে।
তিনি অভিযোগ করেন, জুলাই সনদকে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও পরোক্ষভাবে আদালতে রিট দায়েরের মাধ্যমে বিষয়টি বিচারাধীন করা হয়েছে। এতে সরকারের পরোক্ষ সমর্থন রয়েছে বলেও তিনি দাবি করেন।
গণভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জনগণের অভিপ্রায়ই হওয়া উচিত সর্বোচ্চ বিবেচ্য বিষয়। সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জুলাই সনদ উপেক্ষা করা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি মত দেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিরসনে তিনি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ নিশ্চিত করা এবং প্রেসিডেন্সিয়াল আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক সংকটের সমাধান সংসদের ভেতরে হবে, নাকি পরিস্থিতি রাজপথে গড়াবে, সে বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও জানান, জামায়াতে ইসলামী সংসদ ও রাজপথ উভয় ক্ষেত্রেই জনগণের পক্ষে ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন:








