সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৯ চৈত্র, ১৪৩২

নির্বাচনে অনিয়ম হলেও মেনে নিয়েছি: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬ ১৮:৫৪

শেয়ার

নির্বাচনে অনিয়ম হলেও মেনে নিয়েছি: ডা. শফিকুর রহমান
ছবি সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ গ্রামে ঈদের তৃতীয় দিনে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে অনিয়ম হলেও তারা তা মেনে নিয়েছেন দেশের স্বার্থে।

সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “নির্বাচন শেষ হয়েছে। অনিয়ম হলেও আমরা মেনে নিয়েছি, যেন দেশ অচল না হয়।” তিনি সতর্ক করে বলেন, সরকার সঠিক পথে না ফিরলে জনগণ তা মেনে নেবে না।

ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগের বিষয় তুলে ধরে তিনি অভিযোগ করেন, টিকিট কেনার সময় অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, দুর্নীতি ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষের ঈদের আনন্দ নষ্ট হয়েছে। অতিরিক্ত ভাড়া ফেরতের ঘোষণার সমালোচনা করে তিনি বলেন, বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়েছে—তাদের টাকা কীভাবে ফেরত দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সরকারকে উদ্দেশ করে তিনি আরও বলেন,সরকার যদি ঘোষণা দেয় দেশে আর চাঁদাবাজি ও জুলুম হবে না, তাহলে আমরা তাদের ইতিবাচক সব কাজে সহযোগিতা করব। তবে জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করব।

বিরোধীদলীয় নেতার জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবনে না থাকার কথাও জানান তিনি। তার ভাষ্য, ওই বাসভবন রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যবহার করা হবে, বিশেষ করে বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠকের জন্য।

এদিন সকালে নিজ গ্রামের কবরস্থানে জিয়ারত শেষে তিনি স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন ও কুলাউড়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।,



banner close
banner close