মঙ্গলবার

৩০ জুন, ২০২৬ ১৬ আষাঢ়, ১৪৩৩

ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের সংক্ষিপ্ত মিছিল, শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬ ১৮:০৮

শেয়ার

ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের সংক্ষিপ্ত মিছিল, শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের দাবি
ছবি সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ঝটিকা মিছিল করেছে সংগঠনটির ১৮ থেকে ২০ জন নেতাকর্মী। মিছিলে তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয় এবং টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে কয়েক সেকেন্ড অবস্থানের চেষ্টা করে। পরে ছবি ও ভিডিও ধারণ করে তারা সেখান থেকে সটকে পড়ে।

আজ রবিবার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিন সকালে দোয়েল চত্বর থেকে টিএসসিগামী রাস্তার মাঝামাঝি থেকে এ মিছিল শুরু হয়। সংগঠনটির পক্ষ থেকে ‘শিকলবন্দী সকল রাজবন্দিদের মুক্তির দাবি’তে এ বিক্ষোভ মিছিল করা হয়েছে বলে দাবি করা হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে কয়েক সেকেন্ড অবস্থানের চেষ্টা করলে ছবি ও ভিডিও তোলেন। পরে ওই ছবি ও ভিডিও আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে শেয়ার করা হয়।

গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনটির ব্যানারে প্রথমবারের মতো এ কর্মসূচি পালন করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন। তারা ক্যাম্পাসের নিরাপত্তা আরও জোরদারের দাবি জানিয়েছেন।



banner close
banner close